যুদ্ধবিরতিতে স্বস্তি এলেও শঙ্কা কাটেনি
অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে দুই সপ্তাহের জন্য ইরানে বোমা ফেলা থেকে বিরত থাকার ঘোষণা দেন। এটা উভয় পক্ষের সম্মতিতে হয়েছে বলে জানান তিনি। ‘একটি পুরো সভ্যতাকে এক রাতে হত্যা’র আলটিমেটাম শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। ইরান বলেছে, এ দুই সপ্তাহ আইআরজিসির তত্ত্বাবধানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল করবে। তবে গতকাল দুটি জাহাজ প্রণালি অতিক্রম করলেও পুরোপুরি উন্মুক্ত না করার অভিযোগ উঠেছে। ইরানে হামলা বন্ধ হলেও সার্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ইসরায়েল যুদ্ধবিরতির প্রথম দিনে গতকাল লেবাননে ব্যাপক হামলা চালায়। ১০ মিনিটের ব্যবধানে শতাধিক বিমান হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৬৫ জন। এ অবস্থায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে বিষয়টি জানান। তিনি এভাবে চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে বের হওয়ার হুমকিও দেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।ইরানের ১০ দফা প্রস্তাবে লেবাননকেও যুদ্ধবিরতির অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাঁর দেশ ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখার ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করে, কিন্তু লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত নয়। একই ধরনের বক্তব্য দিয়েছে হোয়াইট হাউস। গতকাল এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেন, যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবের ওপর আলোচনার ভিত্তিতে এ যুদ্ধবিরতি হয়। একটি স্থায়ী পদক্ষেপের জন্য শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাদে বৈঠক করবেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। এরই মধ্যে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি দলের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। প্রতিনিধি দলে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।এর আগে যুদ্ধবিরতিকে বিজয় দাবি করে মঙ্গলবার রাতেই ইরানজুড়ে হাজার হাজার মানুষ আনন্দ মিছিল করে। বিপরীতে ট্রাম্পও দাবি করেছেন, ৪০ দিনের লড়াইয়ে তিনি বিজয়ী হয়েছেন।
গতকাল বুধবার ভোর থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে দিনের শুরুতেই লেবাননে হামলা শুরু করে ইসরায়েল। অন্যদিকে হামলা হয়েছে আরব আমিরাত ও বাহরাইনেও। তবে তেহরান বলছে, তাদের সেনাবাহিনীর কমান্ড বিকেন্দ্রীকরণের অবস্থায় থাকায় সমন্বয়ে বিলম্ব হচ্ছে। এদিকে ট্রাম্পের ‘একটি সভ্যতাকে হত্যা’র হুমকির পর মার্কিন আইনপ্রণেতারা প্রেসিডেন্ট পদ থেকে তাঁর অপসারণের দাবি জানাচ্ছেন। ট্রাম্পকে পদচ্যুত করতে তারা মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনীকেও সামনে আনছেন। সংবিধানের ওই ধারায় বলা হয়েছে, যদি কোনো প্রেসিডেন্ট মানসিক ও শারীরিকভাবে প্রেসিডেন্ট পদে অযোগ্য হন, তাহলে তাঁকে অপসারণ করা যাবে। সিবিএস নিউজ জানায়, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোয় ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সাধারণ দাবি মেনেই এ যুদ্ধবিরতি হয়েছে। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, ইরান যুগের সূত্রপাত হয়েছে। আর সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, যুক্তরাষ্ট্র এক অনস্বীকার্য, ঐতিহাসিক ও শোচনীয় পরাজয় বরণ করেছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, ইসলামাবাদে আলোচনায় অংশগ্রহণের বিষয়টি ইরান নিশ্চিত করেছে। নিজের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে শাহবাজ বলেন, পেজেশকিয়ান নিশ্চিত করেছেন– সংঘাত নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান অংশ নেবে। এর আগে এক্স পোস্টে যুদ্ধবিরতি ঘোষণা করে শাহবাজ বলেন, উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা ও বিচক্ষণতার পরিচয় দিয়েছে এবং শান্তি ও স্থিতিশীলতার প্রসারে গঠনমূলকভাবে নিয়োজিত রয়েছে।যুদ্ধবিরতিতে জ্বালানি তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশ্ববাজারে তেলের দাম ১৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৪ ডলার হয়েছে। পলিটিকো অনলাইন জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতিতে সন্তোষ প্রকাশ করেছে ইউরোপ। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এটাকে ‘অত্যন্ত জরুরি উস্কানি প্রশমন’ বলে মন্তব্য করেছেন। পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে তিনি আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের কথাও বলেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধানও এটাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এটাকে ‘স্বস্তির মুহূর্ত বলে বর্ণনা করেছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের ওপর ‘বিনা উস্কানিতে একপক্ষীয় ও আগ্রাসী হামলা’ চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। গতকাল তিনি স্পুতনিক রেডিওকে বলেন, এ যুদ্ধে তারা ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার পর এ যুদ্ধ শুরু হয়, যা ক্রমেই ভয়ানক হয়ে উঠছিল। এমন অবস্থায় দূতিয়ালিতে এগিয়ে আসে পাকিস্তান, তুরস্ক ও মিসর। অবশেষ অনেকটা আকস্মিকভাবে যুদ্ধবিরতি এলো। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় তার প্রভাব পড়ে পুরো বিশ্বের অর্থনীতিতে। খোদ যুক্তরাষ্ট্রেই জ্বালানি তেলের দাম বেড়ে যায়।জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিকের উদ্ধৃতি দিয়ে গতকাল বিবিসি জানায়, ইরান গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালি অবরোধের পর অবশেষে সেখান দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে। সংস্থাটি জানায়, অন্তত দুটি জাহাজ প্রণালি অতিক্রম করেছে। এর মধ্যে একটি গ্রিসের মালিকানাধীন ও আরেকটি লাইবেরিয়ার। ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আজ বৃহস্পতিবার থেকে হরমুজ পুরোপুরি খুলে দেওয়া হবে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৪০ দিনের হামলায় ইরানে তিন হাজার ৬৩৬ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। তবে ইরান সরকার বলছে, এ সংখ্যা দুই হাজারের মতো।
ওয়াশিংটন ১০ দফা শর্ত নিয়ে আলোচনায় সম্মত
নিউজ উইক জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের ১০ দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোনায় সম্মত হওয়ার প্রেক্ষাপটে এ যুদ্ধবিরতি হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারীরা এসব শর্ত হোয়াইট হাউসের কাছে পাঠিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এ প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে বলেছেন, এ নিয়ে ইরানের সঙ্গে আলোচনা হবে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ আলোচনা হতে পারে। আলজাজিরা জানায়, ওই আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে স্টিভ উইটকফ ও জেরার্ড কুশনার থাকবেন।
এসব শর্তের মধ্যে আছে– ইরানে আর আগ্রাসন চালানো হবে না, তা স্থায়ীভাবে নিশ্চিত করা; হরমুজের ওপর তেহরানের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেওয়া, ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া; সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার; ইরানকে লক্ষ্যবস্তু করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব না আনা; যুদ্ধের কারণে যে ক্ষতি হয়েছে, তা পরিশোধ করা; মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সেনাকে সরানো ও আঞ্চলিক প্রতিরোধ সংগঠনগুলোর সঙ্গে হিংসাত্মক আচরণ না করা।
চুক্তিতে কি লেবানন অন্তর্ভুক্ত আছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, দুই সপ্তাহের জন্য ইরানের ওপর হামলা স্থগিত করার মার্কিন সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করে। কিন্তু এ যুদ্ধবিরতিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, সম্মত যুদ্ধবিরতি ‘লেবাননসহ সর্বত্র’ প্রযোজ্য। লেবাননে ইসরায়েলের হামলায় ১ হাজার ৭৫০ জনের বেশি নিহত ও ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তেহরানের প্রতি সংহতি জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করলে লেবানন এ যুদ্ধে জড়িয়ে পড়ে।
আলজাজিরা জানায়, যুদ্ধবিরতির পরও ইসরায়েলের বিমানবাহিনীর নতুন হামলায় লেবাননে কয়েকশ লোক হতাহত হয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, এ হামলা ‘সব ধরনের মানবিক মূল্যবোধ’ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের ‘কালিমালিপ্ত রেকর্ডে’ নতুন মাত্রা যোগ করেছে। তিনি বলেন, ‘এ বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। ইসরায়েল বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।’
লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বিবিসি জানায়, ইরানে ‘দ্রুত ও স্থায়ী শান্তি’ প্রতিষ্ঠা এবং লেবাননসহ ‘সব পক্ষকে’ দুই সপ্তাহের যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে কয়েকটি পশ্চিমা দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও স্পেনের নেতাদের পাশাপাশি ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের প্রধানরা এ যৌথ বিবৃতিতে সই করেছেন।
ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না, বললেন ট্রাম্প
আলজাজিরা জানিয়েছে, আগামীকাল শুক্রবার ইসলামাবাদে অনুষ্ঠেয় আলোচনার আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না। তবে চুক্তি হলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।
গতকাল বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আমরা নিশ্চিত হয়েছি যে, সেখানে একটি অত্যন্ত ফলপ্রসূ সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) ঘটেছে!’ ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বি-২ বোম্বারের হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প আরও বলেন, ‘আর কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে মাটির গভীরে চাপা পড়া সব পারমাণবিক বর্জ্য বা উপাদান খনন করে সরিয়ে ফেলবে।’ তিনি বলেন, ইরানকে ‘শুল্ক ও নিষেধাজ্ঞা’ থেকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫টি পয়েন্টের মধ্যে ‘অনেকগুলোতেই ইতোমধ্যে ঐকমত্য হয়েছে।’
ইসরায়েলের জন্য বিপর্যয়, নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন: ইয়ার লাপিদ
ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ বলেছেন, ইরানে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলের জন্য একটি ‘রাজনৈতিক বিপর্যয়’। এ ক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘ব্যর্থ’ হয়েছেন।গতকাল বুধবার লাপিদ বলেন, ‘ইসরায়েলের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম মূল ইস্যু ইরান। অথচ যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না।’এদিকে গতকাল গাজায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আলজাজিরার সাংবাদিক মুহাম্মদ উইশাহ নিহত হন।
আরও পড়ুন দুই মাস বাড়তি দামে জ্বালানি তেল কিনতে হবে বাংলাদেশকে
ঢাকাভয়েস/এই

No comments