ঈদের দিনের খাবার
ঈদে নতুন পোশাক পরার পাশাপাশি খাবারের নানা আয়োজন চলে ঘরে ঘরে। সকালের আয়োজনে থাকে বাড়িতে তৈরি মজার সব মিষ্টি। বিশেষ এই দিনে দুপুরের খাবারে সবাই একটু ভারী খাবার রাখেন খাদ্য তালিকায়। কিছু মিষ্টি খাবারের রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা রুমা এবং ঝাল ও ভারী খাবারের তৈরির প্রক্রিয়া জানিয়েছেন আফরোজা খানম মুক্তা
আস্ত রসুনের গরুর মাংসের ঝাল
উপকরণ: গরুর মাংস দুই কেজি, পেঁয়াজ কুচি দুই কাপ, আদা ও রসুন বাটা তিন টেবিল চামচ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ করে, জিরা গুঁড়া এক চা চামচ, আস্ত রসুন ছয়টি, কাঁচামরিচ সাত-আটটি, সয়াবিন তেল দুই কাপ, এলাচ ও দারচিনি চার-পাঁচ পিস করে, গরম মসলা গুঁড়া এক টেবিল চামচ, টকদই আধা কাপ, ঘি এক টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি: গরুর মাংস ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিন। পরে আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। পরে মাংস দিয়ে কম তাপে ঢাকনাসহ রান্না করুন। সেদ্ধ হলে পরিমাণমতো পানি দিন। ফুটে উঠলে কাঁচামরিচ, এলাচ ও দারচিনি, জিরা গুঁড়া, আস্ত রসুন, গরম মসলা গুঁড়া দিয়ে আবারও ঢাকনাসহ রান্না করুন। কম তাপে আবারও রান্না করে নামিয়ে নিন ঘি দিয়ে। তৈরি হয়ে গেল আস্ত রসুনের গরুর মাংসের ঝাল।
শাহি দুধ সেমাই
উপকরণ: সেমাই এক কাপ, তরল দুধ হাফ লিটার, পাউডার দুধ তিন ভাগের এক কাপ, চিনি হাফ কাপ, ঘি দুই টেবিল চামচ, এলাচ-দারচিনি দুটি করে, কাজুবাদাম ও কিশমিশ সাজানোর জন্য।
প্রস্তুত প্রণালি: কাজু বাদাম ও কিশমিশ সামান্য ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে। সেমাই সামান্য ঘি দিয়ে ভেজে নিতে হবে। এবার তরল দুধে পাউডার দুধ ও এলাচ, দারচিনি মিশিয়ে বলক আসা পর্যন্ত জ্বাল দিতে হবে। এবার ভাজা সেমাই দুধে দিয়ে সেমাই সেদ্ধ হলে চিনি দিয়ে জ্বাল দিতে হবে। এবার এক টেবিল চামচ ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। গরম সেমাই কিছুটা ঠান্ডা হলে বাটিতে ঢেলে ওপরে বাদাম, কিশমিশ ছিটিয়ে পরিবেশন করতে হবে।
স্পেশাল বিরিয়ানি
উপকরণ: গরুর মাংস দুই কেজি, চাল এক কেজি, পেঁয়াজ কুচি চার কাপ, পোস্তদানা বাটা দুই টেবিল চামচ, টেস্টিং সল্ট এক টেবিল চামচ, আদা ও রসুন বাটা চার টেবিল চামচ, শাহি জিরা এক চা চামচ, কিশমিশ দুই টেবিল চামচ, আলুবোখারা ১০-১২টি, আলু সেদ্ধ ১০-১২টি, দুধ চার টেবিল চামচ, মাওয়া চার টেবিল চামচ, মিঠা আতর দুই ফোঁটা, ঘি বা তেল এক কাপ, আধা কাপ টক দই, জাফরান সামান্য।
প্রস্তুত প্রণালি: হাঁড়িতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজ কুচি দিতে হবে। পরে পেঁয়াজ বাদামি হলে একটু পানি দিয়ে আদা ও রসুন, পেঁয়াজ কষাতে হবে। মসলার তেল বের হলে মাংস দিতে হবে। পরে কাঁচামরিচ, টকদই, টেস্টিং সল্ট, বাদাম, পোস্ত বাটা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদ্ধ হলে পানি, গুঁড়া দুধ, লবণ, মিঠা আতর, মসলা দিয়ে পানি ফুটে উঠলে ধুয়ে রাখা চাল দিয়ে আবার বলক এলে দমে বসাতে হবে। সেই সময় মাওয়া ঘি দিয়ে ঢাকনা দিয়ে দমে রাখতে হবে ১০-১৫ মিনিট। তৈরি হয়ে গেল গরুর মাংসের মজাদার স্পেশাল বিরিয়ানি।
তুলুম্বা মিষ্টি
উপকরণ: ময়দা এক কাপ, পানি এক কাপ, বাটার দুই টেবিল চামচ, লবণ এক চিমটি, ডিম দুটি, তেল ভাজার জন্য। সিরার জন্য: চিনি এক কাপ, পানি হাফ কাপ, পেস্তা বাদাম গুঁড়া সাজানোর জন্য।
প্রস্তুত প্রণালি: এক কাপ পানি গরম করে তাতে বাটার ও লবণ দিন। বাটার গলে গেলে ময়দা দিয়ে কাই করে নিন। ময়দার কাই কিছুটা ঠান্ডা হলে একটা করে ডিম দিয়ে মসৃণ করে ডো বানান। চিনি ও পানি জ্বাল দিয়ে সিরা করে রাখুন। এবার ময়দার ডো একটা পাইপিং ব্যাগে নিয়ে পছন্দ মতো নজেল সেট করে নিয়ে হালকা গরম তেলে ছোট ছোট সাইজে তুলুম্বা ভাজুন। লালচে রংয়ে মচমচে হয়ে এলে গরম তুলুম্বা রসে দিন। রসে কিছুক্ষণ রেখে রস ঝরিয়ে উঠিয়ে নিন। ওপরে পেস্তা গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন।
চিকেন কাঠি কাবাব
উপকরণ: চিকেন ৩০০ গ্রাম, সয়াসস এক টেবিল চামচ, আদা ও রসুন বাটা এক চা চামচ, কাশ্মীরি মরিচ গুঁড়া এক চা চামচ, ধনিয়া ও জিরা গুঁড়া এক চা চামচ করে, সয়াবিন তেল ও ঘি তিন টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদমতো, কাবাব কাঠি তিন-চারটি, লেবুর রস এক চা চামচ।
প্রস্তুত প্রণালি: মুরগির মাংস চারকোনা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পরে কাবাব কাঠিগুলো পানিতে ভিজিয়ে রাখুন। এবার একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। পরে ওভেনে রান্না করা যায় এমন প্লেটে তেল ও ঘি ব্রাশ করে কাবাব রেখে ঢাকনাসহ হাইপাওয়ারে ১০-১২ মিনিট মাইক্রোওভেনে রান্না করুন। এবার গাজর, শসা, টমেটো, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ কাঁচা দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল চিকেন কাঠি কাবাব।
খেজুরের গুড়ে চুটকি সেমাই
উপকরণ : চুটকি সেমাই বা জিরা সেমাই এক কাপ, দুধ হাফ লিটার, গুড় হাফ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, নারকেল কোরা তিন ভাগের এক কাপ, লবণ এক চিমটি, এলাচ, দারচিনি দুটি করে।
প্রস্তুত প্রণালি: চুটকি সেমাই শুকনা প্যানে একটু টেলে নিন। গরম পানিতে সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তাহলে সেমাইয়ের মাড়গুলো চলে গিয়ে সেমাই দলা পাকাবে না বা আঠালো হবে না। দুধ জ্বাল দিয়ে তাতে গুঁড়া দুধ ও এলাচ-দারচিনি দিয়ে বলক আসার পর সেমাই, গুড় ও এক চিমটি লবণ দিয়ে রান্না করতে হবে। সবশেষে নারকেল কোরা দিয়ে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হলে পাত্রে ঢেলে পরিবেশন করতে হবে দারুণ স্বাদের চুটকি সেমাই।
দই চিকেন
উপকরণ: চিকেন একটা, আদা ও রসুন বাটা দুই টেবিল চামচ, কাঁচামরিচ বাটা দুই টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া এক চা চামচ, টকদই আধা কাপ, লেবুর রস এক টেবিল চামচ, সয়াবিন তেল এক টেবিল চামচ। এসব উপকরণ একসঙ্গে মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রেখে দিন। সয়াবিন তেল ও ঘি চার টেবিল চামচ, এলাচ, দারচিনি, তেজপাতা, জয়ত্রী দুই পিস করে, শাহি জিরা হাফ চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মসলা পাউডার এক চা চামচ করে, লেবুর রস এক চা চামচ, কাঁচামরিচ ছয়-সাতটি, ধনিয়া পাতা কুচি হাফ কাপ।
প্রস্তুত প্রণালি: কড়াইতে সয়াবিন তেল ও ঘি গরম হলে এলাচ, দারচিনি, জয়ত্রী, তেজপাতা, শাহি জিরা দিয়ে ফোড়ন দিন। এবার ম্যারিনেট করা মাংস দিয়ে কিছুটা সময় রান্না করে পানি দিন। পরে ফুটে উঠলে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া আর গরম মসলা গুঁড়া দিয়ে রান্না করুন। এবার লবণ ও মিষ্টি দিন। শেষে তেল ভেসে উঠলে লেবুর রস, কাঁচামরিচ ফালি, ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দুই-এক মিনিট রান্না করে লবণ দেখে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দই চিকেন।
আরও পড়ুন জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী
ঢাকাভয়েস/দি

No comments