Adsterra

লোড হচ্ছে...

উৎসবে চুলের যত্ন

উৎসবে চুলের যত্ন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

ঈদ মানেই নতুন পোশাক, সাজগোজ আর সবাই মিলে উৎসব উদযাপন। এই বিশেষ দিনে প্রত্যেকে চায় নিজেকে সুন্দর দেখাতে। এ জন্য পরিপাটি পোশাকের পাশাপাশি চুলের যত্নও গুরুত্বপূর্ণ। চুল যদি থাকে প্রাণবন্ত, ঝরঝরে তাহলে পুরো সাজটাই হয়ে উঠে আকর্ষণীয়। তাই ঈদের কয়েকদিন আগে থেকেই চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি। প্রকৃতিতে এখন বসন্তকাল চলছে। এ সময়ে বাতাসে আর্দ্রতার তারতম্য ও ধুলাবালি বেড়ে যায়। এর ফলে চুল দ্রুত ময়লা হয়, মাথার ত্বকে ঘাম জমে। এতে খুশকি ও চুল পড়া বাড়ে। চুলের স্বাভাবিক ঔজ্জ্বল্যও নষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, ঋতু পরিবর্তনের সময় মাথার ত্বকের অবহেলা করলে চুলের ক্ষতি দীর্ঘস্থায়ী হতে পারে।

ঈদের আগে চুলের যত্ন নিয়ে কার্নাভাল মেকওভারের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ তাসলিমা পলাশী জানান, একদিকে রোজা, 

অন্যদিকে শুষ্ক আবহাওয়া–সব মিলিয়ে এখন যে আবহাওয়া, তাতে ইফতার ও সাহ্‌রিতে পর্যাপ্ত পানি ও পানি জাতীয় খাবার গ্রহণ না করলে তার প্রভাব সরাসরি চুলে পড়তে পারে। ত্বকের পাশাপাশি এ সময় চুলও আর্দ্রতা হারায়। তবে নিয়মিত রুটিন মেনে চললে ঈদে চুলের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব। ব্যস্ততার কারণে অনেকেই ঈদের এ সময়টায় পার্লারে যেতে পারছেন না। চাইলে ঘরোয়া উপায়ে যত্ন করেও ঈদে স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে পারেন। 

নিয়মিত তেল ব্যবহার

চুল সুস্থ রাখতে সপ্তাহে অন্তত ২-৩ দিন তেল ব্যবহার করা প্রয়োজন। নারকেল তেল, অলিভ অয়েল বা আমন্ড অয়েল হালকা গরম করে মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল মজবুত হয়। চাইলে তেলের সঙ্গে ভিটামিন-ই ক্যাপসুলও মিশিয়ে নিতে পারেন। 

হেয়ার মাস্ক ব্যবহার

ঈদের আগে অন্তত দু-একবার হেয়ার মাস্ক ব্যবহার করলে চুল হয়ে ওঠে নরম ও উজ্জ্বল। ঘরে বসেই সহজে একটি মাস্ক বানানো যায়–ডিম, দই ও সামান্য মধু মিশিয়ে চুলে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললে চুল পায় বাড়তি পুষ্টি।

চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু

চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। শুষ্ক চুলের জন্য ময়েশ্চারাইজিং শ্যাম্পু এবং তৈলাক্ত চুলের জন্য মাইল্ড বা ক্ল্যারিফাইং শ্যাম্পু ব্যবহার করা ভালো। শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে।

হিট স্টাইলিং কম করুন

বারবার হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লার ব্যবহার করলে চুল শুষ্ক ও ভঙ্গুর হয়ে যায়। তাই ঈদের আগে যতটা সম্ভব হিট স্টাইলিং এড়িয়ে চলাই ভালো।

নিয়মিত ট্রিম করা

চুলের আগা ফাটা থাকলে পুরো চুলই রুক্ষ দেখায়। তাই ঈদের আগে একবার চুলের আগা ট্রিম করে নিলে চুল অনেক বেশি স্বাস্থ্যোজ্জ্বল দেখায়।

সুষম খাদ্য ও পানি পান

চুলের সৌন্দর্য শুধু বাইরের যত্নে নয়, ভেতরের পুষ্টির ওপরও নির্ভর করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা এবং প্রোটিনসমৃদ্ধ খাবার–ডিম, মাছ, বাদাম ও শাকসবজি খাওয়া চুলের জন্য খুবই উপকারী।

ঈদের ব্যস্ততার মধ্যেও যদি কয়েকদিন আগে থেকে চুলের যত্ন নেওয়া যায়, তাহলে উৎসবের দিনে চুল থাকবে প্রাণবন্ত ও ঝলমলে। সামান্য যত্নই পারে আপনার ঈদের সাজকে আরও আকর্ষণীয় করে তুলতে।

আরও পড়ুন   জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী 

ঢাকাভয়েস/দি

 

No comments

Powered by Blogger.