সন্তান বার বার মুখে আঙুল দেয়? অভ্যাস দূর করবেন যেভাবে
অনেক শিশু একদম ছোট থেকেই আঙুল চোষে। দেখা যায় নির্দিষ্ট সময়ের পর এ অভ্যাসের পরিবর্তন ঘটে। আবার অনেকের বড় হলেও এ অভ্যাস রয়ে যায়। সারাক্ষণ আঙুল চুষলে শরীরে রোগজীবাণু বাসা বাঁধে। এছাড়া দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস গড়ে ওঠে। খেলনা হোক বা নিজের আঙুল, যা-ই সে মুখে দিক না কেন, তার মাধ্যমে পেটে ময়লা চলে যেতে পারে। এতে পেটের সংক্রমণ দেখা দিতে পারে। সর্দি-কাশি বা ভাইরাল অসুখে আক্রান্ত হতে পারে।
কীভাবে অভ্যাস পরিবর্তন করবেন?
আঙুল চোষার সমস্যা দূর করতে সন্তানের সারা দিনের কাজকর্মকে একটি নিয়মে বেঁধে দিন। ভালো অভ্যাসের জন্য তাকে একটি করে স্টার দিন। পাঁচটি স্টার জোগাড় করতে পারলে তাকে ছোট উপহার দিতে পারেন। তাকে বোঝান, এর মধ্যে সে যদি মুখে আঙুল দেয়, তাহলে সেই স্টার আর সে পাবে না। প্রথমে দু’বার সতর্ক করতে হবে। তার পরেও কাজ না হলে স্টার দেওয়া বন্ধ করুন। এতে সে সচেতন হবে।শিশুর আঙুলে কোনো তেতো জিনিস, যেমন নিমপাতার রস বা চিরতার পানি মাখিয়ে রাখুন। তেতো স্বাদ বার বার পেলে শিশুর মধ্যে বিরক্তি আসবে, এবং বার বার মুখে আঙুল দেবে না। তবে এমন কিছু জিনিস হাতে মাখাবেন না, যা তার পেটে গেলে সমস্যা হতে পারে।এমন পদ্ধতিতে বোঝান, যাতে সে বোঝে। যেমন দীর্ঘ দিন ধরে মুখে আঙুল দিতে থাকলে যে তার দাঁতের গঠন উঁচু হয়ে যেতে পারে, সেটা তাকে বোঝাতে হবে। খানিকটা ভয় দেখালেও কাজ হবে।
কী কী করবেন না
সন্তানের বদভ্যাস নিয়ে তাকে বকাবকি করবেন না। এতে তার জেদ আরো বেড়ে যাবে। ফলে আপনার আড়ালেও সে কাজটা করতে পারে। সব সময়ে ওর নেতিবাচক দিক নিয়ে আলোচনা করবেন না। ভালো কাজের জন্য ওর প্রশংসাও করুন। ধৈর্য হারাবেন না। মনে রাখতে হবে, সে শিশু। আপনি তাকে কিছু বুঝিয়ে মানা করলেও সে আবার একই কাজ করতে পারে। তখন ধৈর্য হারাবেন না। বরং তাকে বোঝাতে হবে এতে আপনি দুঃখ পেয়েছেন। তাতে কাজ হবে।
আরও পড়ুন ভয়াবহ মন্দার ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি: আইএমএফ
ঢাকাভয়েস/এই

No comments