সুষ্ঠু তদন্ত দাবিতে এফডিসিতে মানববন্ধন
অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। এ ঘটনার সঠিক তদন্ত এবং আলভী-তিথির বিচার চেয়ে মানবন্ধন করেছে ‘জাস্টিস ফর ইকরা’ নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ফটকের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে ইকরার বান্ধবী, পরিবারের সদস্যসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।মানববন্ধনে ইকরার এক বান্ধবী বলেন, ‘যতটুকু আমরা জানি, পুলিশের কাছে ইকরার ফোনটি আছে, ওর ফোনে প্রচুর এভিডেন্স (তথ্য-প্রমাণ) আছে। আমাদের কাছে পাসওয়ার্ড আছে, তা দিয়ে ফোনটা খুলে পুলিশ তথ্য-প্রমাণ সংগ্রহ করতে পারে। অনেকে বলেছেন, বান্ধবীর কাছে কীভাবে পাসওয়ার্ড থাকে? আরে ভাই, আমিও আমার বান্ধবীর কাছে পাসওয়ার্ড দিয়ে রাখি, যেন কিছু হলে সে আমার ফ্যামিলিকে অন্তত জানাতে পারে।’মানববন্ধনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, “যখন আমাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় তখন তিথির বিষয়টি সেভাবে আসেনি। কারণ, মৃত্যুর সংবাদ শুনেই আমাদের সব এলোমেলো হয়ে যায়। আলভীর সঙ্গে তিথির বিষয়ে আমরা পুলিশকে জানিয়েছি। তারা বিষয়টি দেখছেন বলে আমাদের জানিয়েছেন। আমরা চাই বিষয়টি যেন ধামাচাপা না দেওয়া হয়।”এদিকে মঙ্গলবার রাতে প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে সম্বোধন করে দেওয়া আবেগঘন পোস্ট করেন আলভী। পোস্টে আলভী লেখেন, ‘ইকলি, তোকে একটা প্রশ্ন করি? কোন একদিন তোর কাছে এসে উত্তরটা শুনে নিব! আচ্ছা, আজকে তোর জায়গায় যদি আমি চলে যেতাম , তখনো কি সমগ্র পৃথিবী তোর বিরুদ্ধে চলে যেত! তোকে টেনে হিচড়ে নীচে নামানোর চেষ্টা করত? তখনো কি সবাই আমাদের রিযিককে নিয়ে মায়া কান্না করত? এতই যদি রিযিকের জন্য ওদের মায়া কাজ করত, তাহলে ওরাও কি পারত এভাবে ওর ভবিষ্যতের কথা না ভেবে তোকে নোংরাভাবে এক্সপোজ করতে? নাকি ভাবত, ছেলেটা বড় হয়ে এসব দেখলে মেন্টালি আনস্ট্যাবল হয়ে যাবে। তখনো কি আমার বান্ধুরা প্রয়োজনের চেয়ে বেশি মিথ্যে বলে সাধারণ মানুষের মাঝে তোকে খারাপের চেয়ে খারাপ বানাত?’ফেসবুক পোস্টে যাহের আলভী এ–ও লিখেছেন, ‘খুব শিগগিরই তোর সাথে কোন এক পাহাড়ের চূড়ায় বসে, গল্প করতে করতে শুনে নিব তোর কাছ থেকে। শুনব কেমন লাগছিলো তোর, আমার আগে চলে এসে এই মিথ্যে জগতের লীলা খেলা! তৃপ্তি পেয়েছিলি খুব? রাগ করব, অভিমান করব, আবার তুই সরি বলবি, আমি জড়িয়ে ধরে ইটস ওকে বলব। সন্ধ্যা হয়ে আসবে, আবার দুইজন হারিয়ে যাব।’তবে পোস্ট প্রকাশের পরই মন্তব্যের ঘরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। অনেকেই তাঁর বক্তব্যকে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা’ হিসেবে আখ্যা দেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন তোলেন, সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে এই পোস্ট কতটা গ্রহণযোগ্য। সমালোচনার ঝড় বাড়তে থাকায় একপর্যায়ে নিজের পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে দেন আলভী।
আরও পড়ুন পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
ঢাকাভয়েস/দি

No comments