মিরপুরে আগুনে মারা যাওয়া দুজন বিমানবাহিনীর সদস্য
রাজধানীর মিরপুর ২ নম্বরে বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনায় মারা যাওয়া দুজনই বাংলাদেশ বিমানবাহিনীর সদস্য। তারা হলেন রাকিব হাসান ও আয়েশা সিদ্দিকা অনন্যা। গতকাল মঙ্গলবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে তাদের লাশের ময়নাতদন্ত করা হয়।গত সোমবার দুপুরে মিরপুরের ১১ তলা বাণিজ্যিক ভবনের তৃতীয় তলায় স্পা সেন্টারে আগুন লাগে। এ সময় ভবনে থাকা লোকজন বিভিন্ন ফ্লোর ও ছাদে গিয়ে আটকা পড়েন। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভবন থেকে ২৪ নারী-পুরুষকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে রাকিব ও আয়েশা সিদ্দিকাকে চতুর্থ ও পঞ্চম তলার মাঝের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ধোঁয়ার কারণে দুজনের মৃত্যু হয়েছে। রাকিবের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদীখানের কৃষ্ণনগরে এবং আয়েশার বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। পুলিশের ধারণা, রাকিব ও আয়েশা ওই ভবনে শপিং করতে গিয়েছিলেন।মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন সমকালকে বলেন, গতকাল সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে দুজনের লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।নীলফামারী প্রতিনিধি জানান, আয়েশার মৃত্যুর খবরে তাঁর পৈতৃক বাড়িতে চলছে মাতম। আয়েশা উপজেলার নিচু কলোনির বিমানবন্দর এলাকার অটোরিকশাচালক আবদুল হান্নানের মেয়ে। দুই বোনের মধ্যে আয়েশা বড়। তিনি বিমানবাহিনীতে সৈনিক পদে কর্মরত ছিলেন।আয়েশার চাচা আবুল কালাম আজাদ জানান, তাঁর ভাইয়ের মেয়ে চার বছর আগে বিমানবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। আয়েশা সোমবার বোন ও বাবার জন্য মিরপুরের ওই ভবনের মার্কেটে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলেন। তাঁর বাবা আবদুল হান্নান অটোরিকশা চালান। আয়েশা চাকরি পাওয়ার পর তাঁর পরিবার কিছুটা স্বাবলম্বী হয়েছে। তাঁর ফুফু ফরিদা পারভীন বলেন, ঈদের ছুটিতে তাঁকে পাত্রপক্ষ দেখতে আসার কথা ছিল। সবকিছু ঠিক থাকলে ঈদের পর তাঁর বিয়ে দেওয়ার কথা ছিল।
আরও পড়ুন জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: জ্বালানি প্রতিমন্ত্রী
ঢাকাভয়েস/দি

No comments