বাড়িতে পেঁয়াজ-রসুনের পাউডার তৈরি করবেন যেভাবে
খাবারের স্বাদ বাড়াতে পেঁয়াজ-রসুনের জুড়ি নেই। কিন্তু ব্যস্ত জীবনে রোজ রোজ রান্না করার সময়ে পেঁয়াজ-রসুনের খোসা ছাড়ানো, বাটাবাটির ঝামেলা পোহাতে ভালো লাগে না। এ কারণে কাটা-বাটার ঝামেলা থেকে মুক্তি পেতে আজকাল অনেকেই বাড়িতে পেঁয়াজ-রসুনের গুঁড়া কিনে রাখেন। তবে বাজারে পাওয়া পাউডারে অনেক সময় প্রিজ়ারভেটিভ দেওয়া থাকে। চাইলে বাড়িতেও তৈরি করতে পারেন এই পাউডার। যেমন-
১. পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়িয়ে নিন। তার আগে অবশ্যই পেঁয়াজ-রসুন ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। এর পরে পেঁয়াজ-রসুন কুচিয়ে নিন। মিহি করে না কাটলেও চলবে। চপারে কেটে নিতে পারেন, এতে তাড়াতাড়ি হবে।
২. পেঁয়াজ ও রসুন আলাদা আলাদা ভাবে কুচিয়ে আলাদা থালায় রাখবেন। এ বার এগুলো রোদে শুকোতে দিন। উপর দিয়ে নরম ও পরিষ্কার কাপড় চাপা দিয়ে দিন। টানা ২-৩ দিন রোদে শুকনো করতে হবে।
৩.রসুন ও পেঁয়াজ কুচি যখন সম্পূর্ণরূপে শুকনো হয়ে যাবে, তখন সেগুলো তুলে নিন। একটুও যেন নরম ভাব না থাকে, সে দিকে খেয়াল রাখবেন। এ বার ওই শুকনো রসুন ও পেঁয়াজ মিক্সিতে গুঁড়ো করে নিন। আলাদা ভাবে গুঁড়ো করুন।
৪. রোদে শুকনো করতে না পারলে পেঁয়াজ ও রসুন কুচি মাইক্রোওভেনে ড্রাই করে নিতে পারেন। তার পরে সেগুলো মিক্সিতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে রসুন ও পেঁয়াজের পাউডার।
৫. পেয়াজ ও রসুনের গুঁড়ো আলাদা ভাবে সংরক্ষণ করুন। কাচের এয়ার টাইট কৌটোতে ভরে সংরক্ষণ করবেন। ফ্রিজে রাখার দরকার নেই। রান্নাঘরের তাকেও রাখতে পারেন।
কী ভাবে ব্যবহার করবেন?
যে কোনও তরকারি, স্যুপ, পাস্তা ইত্যাদি রান্নাতে রসুন বা পেঁয়াজের গুঁড়ো মেশাতে পারেন। এক চামচ রসুন বাটার চেয়ে এক চামচ রসুন পাউডারের পরিমাণ অনেক বেশি। তাই পরিমাণ বুঝে রান্নায় রসুন ও পেঁয়াজের পাউডার ব্যবহার করুন।
আরও পড়ুন টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
ঢাকাভয়েস/এই

No comments