Adsterra

লোড হচ্ছে...

আ.লীগের ভোটারদের ৪৮% বিএনপিকে, ৩০% জামায়াতকে ভোট দেবে

 




আ.লীগের ভোটারদের ৪৮% বিএনপিকে, ৩০% জামায়াতকে ভোট দেবে,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

দেশের ৯০ শতাংশ ভোটার ভোট দিতে আগ্রহী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের ৪৮ শতাংশ বিএনপিকে, ৩০ শতাংশ জামায়াতকে এবং সাড়ে ৬ শতাংশ জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভোট দেবে। নতুন ভোটাদের ৩৭ শতাংশ জামায়াত এবং ২৭ শতাংশ বিএনপিকে ভোট দিতে চায়।

‘আনকভারিং দ্য পাবলিক পালস: ফাইন্ডিংস ফ্রম আ নেশনওয়াইড সার্ভে’ শীর্ষক মতামত জরিপে এ তথ্য উঠে এসেছে। কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (সিআরএফ) ও বাংলাদেশ ইলেকশন অ্যান্ড পাবলিক অপিনিয়ন স্টাডিজ একসঙ্গে এই জরিপ করেছে ।

গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই জরিপের ফল তুলে ধরা হয়। ৬৪ জেলার ১৮০টি সংসদীয় আসনে এই জরিপ করা হয়েছে। অংশ নিয়েছেন ১১ হাজার ৩৮ জন ভোটার। গত ২০ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত দুই ধাপে জরিপটি করা হয়।

সিআরএফের স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ সংবাদ সম্মেলনে বলেন, এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে দুর্নীতির ইস্যু। জরিপে ৬৭ দশমিক ৩ শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির ইস্যুটিকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। ৩৫ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে ধর্মকে গুরুত্বের সঙ্গে নেবেন। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপত্তাকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। 

জরিপের ফল বলছে, আওয়ামী লীগের ১৩ শতাংশ ভোটার অন্যদের ভোট দেবেন। ২ দশমিক ৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্ত নেননি। ২০০৮ সালের পর প্রথম ভোট দেবেন– এমন ভোটারদের ৩৭ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, তারা এবার জামায়াতকে ভোট দেবেন। ২৭ শতাংশ বিএনপি, ১৭ শতাংশ এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন। ১৮ দশমিক ৬ শতাংশ এখনও সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন।

মতামত জরিপে উঠে এসেছে, এবারের নির্বাচনে মানুষ এমন নেতাদের ভোট দিতে চান, যে নেতা মানুষের কথা ভাবেন, আর শক্তিশালী নেতৃত্ব দিতে পারবেন। এ ক্ষেত্রে ভোটাররা ব্যক্তিগত বিশেষ যোগ্যতার তুলনায় জনদরদি প্রার্থীকে বেশি পছন্দ করছেন বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভোট দেওয়ার ক্ষেত্রে দল ও প্রার্থী দুটিকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে–এমনটা জানিয়েছেন ৩৩ দশমিক ২ শতাংশ ভোটার। ৩০ দশমিক ৪ শতাংশ ভোটার শুধু দলকে গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন। শুধু প্রার্থীকে গুরুত্ব দেবেন ৩০ দশমিক ২ শতাংশ ভোটার। আর ৬ দশমিক ১ শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে কোনটিকে গুরুত্ব দেবেন, তারা এখনও ঠিক করেননি বলে জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির ভিজিটিং প্রফেসর এম নিয়াজ আসাদুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, তাই তাদের ভোট এবার কোন দিকে যাবে, সেটি এখন গুরুত্বপূর্ণ। জরিপের সবচেয়ে ইতিবাচক দিক হলো, এবারের নির্বাচনে অনেক মানুষ ভোট দেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন। তবে ভোটের দিনের পরিস্থিতি কেমন হবে, সেটা গুরুত্বপূর্ণ। কারণ, যে ৮ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন– নিরাপত্তা ও পারিপার্শ্বিক অবস্থা ভালো না থাকলে তাদের অনেকে ভোটকেন্দ্রে নাও যেতে পারেন। তখন এই ৮ শতাংশ হয়ে যেতে পারে ৮০ শতাংশ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিআরএফের সহসভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাবুল হক। তিনি বলেন, এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে, যেটা অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি। তবে মানুষের মধ্যে ভোট নিয়ে এখনও উদ্বেগ আছে– ভোট সুষ্ঠু হবে কিনা, নিরপেক্ষ হবে কিনা, ব্যালট বাক্স দখল হয়ে যায় কিনা, কোনো ধরনের সংঘাত হয় কিনা– এ নিয়ে তারা উদ্বিগ্ন।

আরও পড়ুন    দেশে চক্ষু সেবায় বড় ঘাটতির, ঝুঁকি বাড়ছে অন্ধত্বের 

ঢাকাভয়েস/এই

 

No comments

Powered by Blogger.