বিশ্বকাপে ইতিহাস গড়তে চায় নতুন ৪ দেশ
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা দলগুলোর মহারণ। প্রতিটি ফুটবলপ্রেমী চায় তার প্রিয় দলকে এই মঞ্চে দেখতে। কিন্তু ফিফার ২১১টি সদস্য দেশের অনেকের কাছেই সেই স্বপ্ন অধরাই থেকে যায়।
তবে ২০২৬ সালের বিশ্বকাপে বড় পরিবর্তন এসেছে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্টের যৌথ আয়োজনে এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪৮টি দল নিয়ে। ফলে আগে যারা সুযোগ পেত না, তাদের জন্য খুলে গেছে নতুন সম্ভাবনার দরজা।
এই সুযোগকে কাজে লাগিয়ে চারটি নতুন দেশ প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তান। এই চার দলই এখন বিশ্ব ফুটবলের নতুন গল্প লিখতে প্রস্তুত।
কেপ ভার্দে: ছোট দেশ, বড় স্বপ্ন
আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে অবস্থিত দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। মাত্র ৫ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে। এমনকি শক্তিশালী দলগুলোকেও পেছনে ফেলেছে তারা।
তাদের ঐতিহ্য, সংগীত এবং দলগত বন্ধনই এই সাফল্যের মূল শক্তি। আন্তর্জাতিক ম্যাচে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা খেলোয়াড়দের মধ্যে ঐক্য গড়ে তুলতে সাংস্কৃতিক বন্ধন বড় ভূমিকা রাখে। বিশ্বকাপে তারা কঠিন গ্রুপে পড়েছে, যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে স্পেন, উরুগুয়ে এবং সৌদি আরব।
জর্ডান: স্বপ্ন থেকে বাস্তবতায়
মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান দীর্ঘদিন ধরেই ফুটবলে উন্নতির চেষ্টা করে আসছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তব হয়েছে। এশিয়ান কাপের সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং বিশ্বকাপ বাছাইপর্বে তারা ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে জায়গা নিশ্চিত করে।
বিশ্বকাপে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ প্রতিপক্ষ হিসেবে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া ও আলজেরিয়া। তবে দলের তারকা খেলোয়াড়দের ওপর ভর করে চমক দেখাতে চায় জর্ডান।
কুরাসাও: ক্ষুদ্র দ্বীপের বিশাল অর্জন
ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র কুরাসাও জনসংখ্যায় ছোট হলেও এবার বিশ্বকাপে জায়গা করে ইতিহাস গড়েছে। মাত্র দেড় লাখের কিছু বেশি মানুষের দেশটি বাছাইপর্বে সুযোগ কাজে লাগিয়ে বড় অর্জন করেছে।
তাদের অনেক খেলোয়াড় ইউরোপে বেড়ে উঠলেও দেশের জন্য খেলে গড়ে তুলেছে শক্তিশালী দল। ফুটবলের পাশাপাশি বেসবলেও তাদের ঐতিহ্য রয়েছে। বিশ্বকাপে তারা পড়েছে কঠিন গ্রুপে, যেখানে প্রতিপক্ষ জার্মানি, ইকুয়েডর ও আইভরি কোস্ট।
উজবেকিস্তান: দীর্ঘ অপেক্ষার অবসান
মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান বহু বছর ধরে বিশ্বকাপে ওঠার স্বপ্ন দেখছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তারা প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে। অতীতে বারবার অল্পের জন্য বাদ পড়লেও এবার আর সেই ভুল হয়নি।
দলের অন্যতম বড় শক্তি তাদের নতুন প্রজন্মের খেলোয়াড়রা, যারা ইউরোপের বড় লিগগুলোতে নিজেদের প্রমাণ করতে শুরু করেছে।
২০২৬ বিশ্বকাপ শুধু বড় দলগুলোর লড়াই নয়, বরং নতুন গল্পের মঞ্চও হতে যাচ্ছে। কেপ ভার্দে, জর্ডান, কুরাসাও ও উজবেকিস্তানের মতো দলগুলো দেখিয়ে দিয়েছে সুযোগ পেলে তারাও ইতিহাস লিখতে পারে।


No comments