সেহেরিতে সহজে রাঁধুন দুই পদ
সেহেরিতে ভারি ও তৈলাক্ত খাবার খেলে অস্বস্তি হয়। এসময়ের খাবার হওয়া চাই সহজপাচ্য। যারা রোজ রোজ সেহেরিতে কী রান্না করবেন ভেবে অস্থির, তাদের জন্য আজকে রইলো দুটি রেসিপি। অল্প সময়ে, অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করতে পারেন পাবদা মাছের দোঁপেয়াজা এবং লাউ চিংড়ি। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী কোহিনুর বেগম।
পাবদা মাছের দোঁপেয়াজা
উপকরণ: পাবদা মাছ ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ পাঁচটি, আদা রসুন বাটা এক চা চামচ করে, হলুদ-ধনিয়া-মরিচ ও জিরার গুড়া এক চা চামচ করে, টমেটো একটি, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল আধা কাপ
প্রস্তুত প্রণালি: প্রথমে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার ধনেপাতা ছাড়া সব উপকরণ দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিন। পানি ফুটে উঠলে মাছগুলো দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। খেয়াল রাখতে হবে যেন মাছ ভেঙে না যায়। নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
লাউ চিংড়ি
উপকরণ: লাউ ৫০০ গ্রাম, চিংড়ি মাছ আড়াইশো গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, টমেটো একটি, কাঁচা মরিচ ৬-৭টি, ধনেপাতা কুচি এক টেবিল চামচ, হলুদ-মরিচ-ধনিয়া-জিরার গুড়া এক চা চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ২ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি: প্রথমে লাউ ও চিংড়ি মাছ কেটে ধুয়ে নিন। কড়াইয়ে পেঁয়াজ ভাজা হলে লাউ, চিংড়ি মাছ, ধনেপাতা বাদে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নিন। চিংড়ি মাছ তুলে লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দশ মিনিট রান্না করুন। লাউ সিদ্ধ হয়ে আসলে চিংড়ি, ধনেপাতা দিয়ে এক মিনিটের মত ঢেকে রাখুন। হয়ে গেলে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
আরও পড়ুন টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ
ঢাকাভয়েস/এই

No comments